দেশের বেসরকারি স্কুল-কলেজগুলোর অ্যাডহক কমিটি গঠনে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
সম্প্রতি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়-এর ১৬ মার্চ জারি করা পরিপত্র কঠোরভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রধানকে সভাপতি পদের জন্য তিনজন প্রার্থীর জীবনবৃত্তান্তসহ নাম প্রস্তাব করতে হবে। মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা খ্যাতিমান সমাজসেবক এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে প্রার্থী নির্বাচন করা যাবে। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করবে শিক্ষা বোর্ড।
তবে বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষা প্রসারে অসামান্য অবদান বা বিশেষ যোগ্যতা থাকলে শিক্ষা মন্ত্রণালয় ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। যদিও সাধারণ নিয়মে স্নাতক ডিগ্রির শর্ত বহাল থাকবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন বজায় রাখতেই এ নীতিমালা কার্যকর করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

