ঈদের আনন্দকে আরো বাড়াতে আসছে, শ্যামল মাওলা ও মাহিয়াজানা স্পর্শির নতুন নাটক ‘ভালোবাসা ফিরে আসে’। গল্পের ভাবনা দিয়েছেন রায়হান রনি। নাটকের চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা করেছেন শামীম আহসান।
নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মাহিয়াজানা স্পর্শি, সাবেরি আলম, রকি খান, ফারাহ ফান্স, এশা আহমেদ বেলি, রায়্যান, সাফিন, মেহেদী মারওয়ান, আলি হাসান, সমাপ্তি, আরিয়ান এবং বিশেষ চরিত্রে সৈয়দ মোহাম্মদ সোহেল।
অভিনেতা শ্যামল মাওলা বলেন, “আমি এক পাগল প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। নির্মাতা শামীম আহসান গল্পের ইরফান চরিত্রটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন, যা দর্শকরা উপভোগ করবেন বলে আশা করি।”
অভিনেত্রী মাহিয়াজানা স্পর্শি বলেন, “‘ভালোবাসা ফিরে আসে’ নাটকে ঝুমুর চরিত্রটি অত্যন্ত রহস্যময়। শুরুতে শিশুসুলভ, পরে ধীরে ধীরে পরিপক্ক হয়ে ওঠা চরিত্রের প্রতিটি মুহূর্ত আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। এটি আমার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, তবে আশা করছি গল্পটি সকল বয়সের দর্শকের হৃদয়কে ছুঁয়ে যাবে।”

নির্মাতা শামীম আহসান বলেন, “সবসময়ই দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। ‘ভালোবাসা ফিরে আসে’ এমন একটি গল্প, যা দেখে দর্শক সিনেমার স্বাদ পাবে। কনা ও সজিব দাসের রোমান্টিক গান এবং খাইরুল ওয়াসীর স্যাড গান নাটকে অন্য মাত্রা যোগ করবে।”
নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে বৈশাখী টিভি-এ প্রচার হবে এবং ঈদের চতুর্থ দিন বিকেল ৩টায় কানামাছি ড্রামা ইউটিউব চ্যানেল-এ পাওয়া যাবে।

