ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আবারও হাজির হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দীর্ঘদিন ধরে দর্শকদের প্রিয় এই অনুষ্ঠানটি আজ রবিবার (২২ মার্চ) রাত ৮টা ৩০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনায় সাজানো এবারের পর্বেও থাকছে বৈচিত্র্যময় বিনোদন। নাট্যাংশ, সংগীত, নাচ এবং সমসাময়িক বিষয়ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানটি দর্শকদের জন্য উপভোগ্য করে তোলা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হবে বহুল পরিচিত ঈদের গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। এছাড়া একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। তার সঙ্গে আরও অংশ নিয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। ভিন্নধর্মী একটি গান গেয়েছেন হাবিব ওয়াহিদও। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শবনম বুবলী ও ইমরান মাহমুদুলের দ্বৈত সংগীত পরিবেশনা। পাশাপাশি তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি নৃত্যে অংশ নিয়ে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবেন।
‘ইত্যাদি’র জনপ্রিয় ‘মিউজিক্যাল ড্রামা’ অংশেও এসেছে নতুন মাত্রা। ঈদের কেনাকাটা ও সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এই অংশে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। এছাড়া অনুষ্ঠানের এক পর্বে হাজির থাকবেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। দর্শকপর্বে থাকছে ভিন্নধর্মী আয়োজন, যেখানে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম উপস্থিত দর্শকদের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নেবেন।
ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত এই অনুষ্ঠানটির শিল্প নির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালনা সহায়তায় ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। প্রতিবারের মতো এবারও ‘ইত্যাদি’তে বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের কাছে অনুষ্ঠানটিকে আলাদা করে তোলে।

