বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় নাম বিদ্যা সিনহা মিম। একসময় ছোটপর্দায় নিয়মিত দেখা মিললেও বর্তমানে বড়পর্দায় বেশি সক্রিয় এই অভিনেত্রী। ওটিটির কাজেও মাঝেমধ্যে উপস্থিত থাকেন। তবে তার ব্যস্ততার বড় একটি অংশজুড়ে রয়েছে বিজ্ঞাপনজগত।
অভিনয়শিল্পীদের মধ্যে বিজ্ঞাপনের বাজারে মিমের জনপ্রিয়তা তুলনাহীন। সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমা বা ফিকশন প্রজেক্টের ঘোষণা না থাকলেও একের পর এক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।
টানা ১২ দিনের যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে দেশে ফিরেই মিম চুক্তিবদ্ধ হয়েছেন একটি নতুন জুয়েলারি ব্র্যান্ডের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি জানান, “মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। সব জেনে বুঝে আমি নতুন এই প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা শুরু করলাম। আশা করি এই জার্নি দারুণ হবে।”
এরই মধ্যে ব্র্যান্ডটির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন মিম। বিজ্ঞাপনটি আজ থেকে প্রচারে আসবে বলে জানিয়েছেন এই তারকা।
বিদ্যা সিনহা মিমের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। এর আগে ‘পরান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন তিনি। বর্তমানে নতুন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন মিম। তবে নতুন কাজের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি। জানা গেছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে তার নতুন প্রজেক্টের।
সিনেমা, ওটিটি, বিজ্ঞাপন-সব মাধ্যমেই নিজের দক্ষতা ও জনপ্রিয়তা ধরে রেখেছেন মিম। সময়ের সঙ্গে তার কর্মস্পৃহা ও প্রতিশ্রুতি যেমন অটুট রয়েছে, তেমনি দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতাও বাড়ছে।

