ঢাকাই সিনেমায় বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী পূজা চেরি। অল্প বয়সেই নায়িকা হিসেবে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন তিনি। গত শনিবার, পূজা চেরির ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। গানটি ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের।
গানটি অন্তর্জালে প্রকাশের পরই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। গানটিতে যৌবন আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা চেরি।
ছোট বোন বলে ডাকা পূজার এমন অনবদ্য নাচ দেখে নিজের মুগ্ধতার কথা জানান- ঢালিউড কুইন অপু বিশ্বাস।
‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার করে লিখেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’ সেই মন্তব্যের ঘরে পূজা লিখেন, ‘বড় বোন যে-রকম, ছোট বোন তো সেরকমই হবে।’
জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানের সুর করেছেন আকাশ সেন। এতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকে।
অনেকদিন পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করেছেন পূজা চেরি। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয়। সবশেষ তারা কাজ করেন ‘দহন’ সিনেমায়। এবার আবারও একসাথে তারা।

