বহুল জনপ্রিয় তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া। অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এ বছর পুরোটাই চর্চায় ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বছরের একেবারে শেষ সময়ে এলো নতুন খবর। ঐশ্বরিয়া অভিনীত আলোচিত ও সেরা সিনেমার মধ্যে রয়েছে ‘যোধা আকবর’। যেখানে হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
২০০৮ সালে মুক্তি পাওয়া এই ঐতিহাসিক ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। ‘যোধা আকবর’ ছবির বিয়ের দৃশ্যে এক বিখ্যাত লাল লেহেঙ্গা পরেছিলেন ঐশ্বরিয়া। সেই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার একাডেমি মিউজিয়াম-এ প্রদর্শিত হচ্ছে। বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন লেহেঙ্গাটির; যা ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম জারদোজি এবং এমব্রয়ডারির কাজের জন্য এই লেহেঙ্গা পরে নজর কেড়েছিলেন বিশ্বসুন্দরী।
লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসে একটি নীল ময়ূর এবং কুন্দনের কাজ ছিল। যেখানে তাকে একেবারে রানির মতো লাগছিল। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির ওপর দেখানো হয়েছে। অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওটিতে আশুতোষ গোয়ারিকরের সিনেমার দৃশ্যও শেয়ার করা হয়েছে।
মনে হয়, ঐশ্বরিয়া ও হৃতিকের অভিনয় নতুন করে জীবন্ত হয়ে উঠেছে, এমনি কিছু ছবি প্রদর্শনীতে ‘যোধা আকবর’ ছবির কিছু দৃশ্যও দেখানো হয়েছে।

