টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনীত হিন্দি সিনেমা ‘দ্য জেব্রাজ’ অস্কার একাডেমি পুরস্কারের শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে যুক্ত হলো। অনীক চৌধুরী পরিচালিত এ ছবিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে, সেই গল্পই উঠে এসেছে ‘দ্য জেব্রাজ’ ছবিটিতে।
অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের রয়েছে ‘দ্য জেব্রাজ’। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে? সেই গল্পই দেখাবে ‘দ্য জেব্রাজ’।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াংকা সরকার জানায়, আমরা অত্যন্ত ভালোবেসে ও যত্ন নিয়ে এই ছবির কাজ করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এলো, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে।
তিনি জানায়, আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলছে, যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গেছে।
তিনি শেষে জানায়, ‘সেটা মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটা দেখিয়ে দেবে। ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সকলের শুভকামনা কাম্য।’
‘দ্য জেব্রাজ’ ছবির পরিচালক অনীক চৌধুরী জানায়, দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়; এটি আমাদের সমকালীন একটি দলিল। এ ছবি এমন এক সমাজের কথা বলে, যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যকার বিভেদ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।

