২৩ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শনিবার শুরু হচ্ছে। আসরে ৭৫ দেশের ২২০ চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব চলবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ১১ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হবে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে।
গতকাল দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যনির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং।
উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে ৭৫ দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য ২২০ চলচ্চিত্র দেখানো হবে।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনসহ বেশ কয়েকটি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকেরা বিনা মূল্যে দেশি-বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করবে জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা চিউ ঝ্যাংয়ের চীনা ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।
১৯ জানুয়ারি পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

