না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এমফিসেমা রোগে আক্রান্ত ছিলেন। ফেসবুকে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছে তার পরিবার।
২০২৪ সালের আগস্টে ডেভিড জানিয়েছিলেন, তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে নিজের শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করে বলেন, আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।
প্রখ্যাত এই নির্মাতা পরাবাস্তববাদী কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’-এর জন্য পরিচিত। তাঁর অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ইত্যাদি। ক্যারিয়ারজুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। তাঁর শেষ বড় প্রজেক্ট ছিল ‘টুইন পিকস: দ্য রিটার্ন’, যা ২০১৭ সালে সম্প্রচারিত হয়েছিল।
মন্টানার মিসুলায় জন্মগ্রহণকারী লিঞ্চ ষাটের দশকে শর্ট ফিল্ম বানানোর আগে পেইন্টিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ইরেজারহেড’ মুক্তি পায় ১৯৭৭ সালে।
ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদনজগতের তারকারা। নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বরকে মিস করবে।’

