সদ্য অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্ট মিউজিক ট্যুরের ইতিহাসে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যেখানে তাদের দর্শক সমাগম ছিল অতুলনীয়। ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে তাদের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ট্যুর’-এর মাধ্যমে ইতিহাস গড়ে ফেলল। এর আগে, টেইলর সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’ ছিল যেই মিউজিক ট্যুরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছিল। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিল কোল্ডপ্লে।
চলতি মাসেই ভারতবর্ষে পাঁচটি কনসার্ট অনুষ্ঠিত হয়। যার মধ্যে মুম্বাই এবং আহমেদাবাদের কনসার্টগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন। যদিও এই কনসার্টের মাধ্যমে কোল্ডপ্লে বৃহত্তম কনসার্টের রেকর্ড গড়তে পারেনি। তবে এখনও পর্যন্ত মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগমের নজির তৈরি হয়েছে।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বৃহস্পতিবার এক ঘোষণায় জানায় যে, কোল্ডপ্লে তাদের মিউজিক ট্যুরের মাধ্যমে সর্বকালের সবচেয়ে বেশি দর্শক সমাগমের রেকর্ড তৈরি করেছে। বিশেষভাবে এটি কোনও একক মিউজিক ট্যুরের ক্ষেত্রে এক নতুন মাইলফলক। গিনেস কর্তৃপক্ষ কোল্ডপ্লেকে তাদের এই রেকর্ডের জন্য শুভেচ্ছা জানিয়েছে।
তবে বৃহত্তম কনসার্টের রেকর্ডটি এখনও ইটালীয় গায়ক ভাস্কো রোসির দখলে রয়েছে। যিনি ২০১৭ সালে মডেনা পার্কে ২ লাখ ২৫ হাজার দর্শককে আকর্ষণ করেছিলেন। এই রেকর্ডটি এখন পর্যন্ত অটুট রয়েছে।
কোল্ডপ্লে-র ভারত সফরে এক সময় শুধু একটি কনসার্টের পরিকল্পনা ছিল। কিন্তু ভক্তদের চাপে মুম্বাই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি কনসার্টের আয়োজন করা হয়। প্রতিটি কনসার্টে ছিল উপচে পড়া ভিড়। এমনকি টিকিটের কালোবাজারি নিয়েও অভিযোগ উঠেছিল।
কোল্ডপ্লে-এর প্রধান শিল্পী ক্রিস মার্টিন তাদের কনসার্টে এক বিশেষ দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। তিনি মঞ্চে উপস্থিত ভক্তদের সঙ্গে হিন্দি, মারাঠি এবং গুজরাটি ভাষায় কথা বলেন। যা দর্শকদের আরও কাছে পৌঁছে দেয়। কোল্ডপ্লের কনসার্টে ভারতের একাধিক বিখ্যাত তারকাও উপস্থিত ছিলেন। যা আরও এক নতুন মাত্রা যোগ করে এই ইভেন্টকে।
এভাবেই কোল্ডপ্লে তাদের এই বিশ্ব সফরে এক নতুন ইতিহাস গড়েছে। যা দীর্ঘদিন মনে রাখা হবে।

