৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (রবিবার) দর্শকদের মাঝে দেখা গেল টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে তিনি বই কিনতে আসেননি, এসেছেন তার নতুন ছবি ‘বেলা’র সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে।
দুপুর গড়াতেই বইমেলার এসবিআই অডিটোরিয়ামের সামনে ভিড় জমতে শুরু করে। বইপ্রেমীদের মোবাইল ক্যামেরা তাক করা অভিনেত্রীর দিকে, আর ঋতুপর্ণাও হাসিমুখে সবার সঙ্গে সেলফি তুলছেন। তবে তার মূল উদ্দেশ্য ছিল নতুন ছবির প্রচার।
আকাশবাণীর কর্মী ও লেখিকা বেলা দে-র জীবনীচিত্র ‘বেলা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। ছবির গল্প এক নারীর সংগ্রাম ও সমাজে তার প্রতিষ্ঠা পাওয়ার লড়াইকে কেন্দ্র করে। অভিনেত্রী বলেন, ‘বেলা যখন নারী ক্ষমতায়নের পথে এগিয়েছিলেন, তখন মেয়েদের কথা বলার সুযোগ ছিল না। এ রকম একটি চরিত্রে অভিনয় করে আমি সত্যিই সৌভাগ্যবান।’
ব্যক্তিগত জীবনেও ছবিটির গল্পের সঙ্গে অনেকাংশে মিল খুঁজে পান ঋতুপর্ণা। তিনি জানান, তার মা ছিলেন বেলা দে-র রন্ধনশিল্প সংক্রান্ত বইয়ের ভক্ত। সম্প্রতি মাকে হারানো অভিনেত্রীর আফসোস, মা এই ছবি দেখতে পেলেন না। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমি বিশ্বাস করি, মা যেখানেই থাকুন না কেন, ছবিটিকে আশীর্বাদ করবেন।’
‘বেলা’-তে আরও অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু প্রমুখ। ছবির পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় জানান, নারীদের ঘরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ মনে করা হলেও, তারা যে শিল্পীর চেয়ে কম নন, তা তিনি বরাবরই বিশ্বাস করেন। তাই তার প্রথম ছবির জন্য বেলা দে-র মতো একজন সংগ্রামী নারীকে বেছে নেওয়া।
ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই মুক্তির দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক।

