মুম্বাইয়ে একটি বিশেষ নেটফ্লিক্স ইভেন্টে দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খানকে নিয়ে হাজির হন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে অনুষ্ঠানে দেখা যায়নি পরিবারের কনিষ্ঠ সদস্য আব্রামকে।
আরিয়ানের প্রথম পরিচালিত বলিউড সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে খান পরিবারের উপস্থিতি নজর কাড়ে। তবে সবচেয়ে বেশি আলোচিত হয় শাহরুখ ও সুহানার একটি মজার মুহূর্ত।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শাহরুখ, সুহানা ও আরিয়ান ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। ঠিক সে সময় মেয়ের পোশাক ঠিক করে দেন শাহরুখ। বাবার এমন আদরে লজ্জায় হেসে ফেলেন সুহানা। পাশে দাঁড়িয়ে থাকা আরিয়ানও আড়চোখে তাকান বোনের দিকে। তবে গৌরী খান বিষয়টিকে দেখেছেন মজার ছলে। কারণ তিনি ভালোভাবেই জানেন, শাহরুখ কতটা যত্নশীল বাবা।

অনুষ্ঠানে ছেলে আরিয়ানের বলিউড অভিষেক প্রসঙ্গে কথা বলতে গিয়ে সন্তানদের ছোটবেলার এক মজার গল্পও শোনান শাহরুখ। তিনি বলেন, ‘আরিয়ান ও সুহানা ছোটবেলায় করণ জোহর, আদিত্য চোপড়া, হৃতিক রোশনসহ অনেক বলিউড তারকাকে আমাদের বাড়িতে দেখত। ওরা তখন একদিন জিজ্ঞেস করল- ‘বাবা, সবাই কি টিভিতে কাজ করে?’ এমনই এক পরিবেশে ওরা বড় হয়েছে।’
শাহরুখ আরও জানান, এই সিরিজের জন্য বলিউডের একাধিক তারকা শুধুমাত্র আরিয়ানের প্রতি ভালোবাসার কারণেই অভিনয় করতে রাজি হয়েছেন। তবে কারা অভিনয় করছেন, তা এখনই প্রকাশ করতে চাননি তিনি। শাহরুখ বলেন, ‘আরিয়ান আমাকে শো সম্পর্কে বেশি কিছু বলার অনুমতি দেয়নি! তবে পুরো টিমকে ধন্যবাদ জানাই, এপিসোডগুলো সত্যিই অসাধারণ হয়েছে।’

