টলিউডের আলোচিত সিনেমা ‘বাবু সোনা’ অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই কমেডি-অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেক্ষাগৃহে আসছে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেমার গল্পে লন্ডনপ্রবাসী দুই চরিত্র বাবু (জিতু) ও সোনা (শ্রাবন্তী) এক অপহরণের ঘটনায় জড়িয়ে পড়েন এবং সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের নতুন অধ্যায়। মঙ্গলবার প্রকাশিত হয়েছে ‘বাবু সোনা’র ট্রেলার। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেখানে এক প্রশ্নের উত্তরে মজার ছলে তিনি বলেন, ‘যদি কাউকে কিডন্যাপ করতেই হয়, তাহলে হয়তো জিত দা-কে করতে পারি!’
‘বাবু সোনা’ সিনেমাটির প্রযোজনায় রয়েছে এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, অ্যালেকজান্দ্রা টেলর, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য ও সাগ্নিক চট্টোপাধ্যায়। ইতোমধ্যে সিনেমার দুটি গান প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সিনেমার সংশ্লিষ্টদের আশা, দর্শকরা এই রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি উপভোগ করবেন।

