ঢালিউড অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর আবারও আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন গুঞ্জন।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এর সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি।

এ পোস্ট নজর এড়ায়নি নেটিজেনদের। এমনকি চিত্রনায়িকা পরীমনিও সেখানে মন্তব্য করেন। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে লেখেন, ‘ওহ’। এরপর থেকেই এ বিষয়ে নানা আলোচনা শুরু হয়।এ প্রসঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে শেখ সাদী বলেন, ‘তেমন সিরিয়াস কিছু ভাবিনি। কিন্তু সবাই এত গুরুত্ব দেবে, তা ধারণা করিনি। আমরা সহকর্মী, ভবিষ্যতে একসঙ্গে কাজের পরিকল্পনা আছে। এর বাইরে কিছু নয়।’
ক্যাপশন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি।’ এরপর তাকে প্রশ্ন করা হয়, চ্যাটজিপিটি কি তার মনের কথা বুঝে ফেলেছে? জবাবে তিনি হাসতে হাসতে বলেন, ‘বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট! তবে এটা সত্যি, প্রতিটি ছেলেই চায় তার জীবনসঙ্গী পরীর মতো হোক।’
এদিকে দিনভর চলমান আলোচনার মাঝে নিজের অবস্থান পরিষ্কার করেন চিত্রনায়িকা পরীমনি। রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে, পরী মানে ডানাওয়ালা পরী, পরীমনি না।’
পরীমনির এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে আরো আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে হাস্যরসাত্মকভাবে নিলেও, কেউ কেউ মনে করছেন এটি ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া।

