জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারো নিজের অভিনয়গুণে আলোচনায়। বাংলাদেশ ও ভারত- দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত এই অভিনেত্রী সম্প্রতি কাজ করেছেন ‘বাগানবিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে। তবে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে তার অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।
গত ডিসেম্বরেই জানা গিয়েছিল, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বিগ স্ক্রিন প্রতিযোগিতা’ বিভাগে নির্বাচিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি উৎসবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নেদারল্যান্ডসের রটারড্যামে উপস্থিত ছিলেন জয়া আহসান।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা দর্শকরা। জয়া আহসান নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, ‘পশ্চিমা দর্শক সিনেমাটি অত্যন্ত উপভোগ করেছেন। তাদের মতে, এটি এক অনবদ্য সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য, পাশাপাশি নারীদের সাহস ও শক্তিশালী চরিত্রের চিত্রায়ন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।’পরিচালক সুমন মুখোপাধ্যায় দীর্ঘ ১৬ বছর ধরে সিনেমাটির পরিকল্পনা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, নানা প্রতিবন্ধকতার পর অবশেষে প্রযোজক সমীরণ দাসের সহযোগিতায় সিনেমাটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত এই ছবির শুটিং শুরু হয়।
৩০ জানুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা রটারড্যাম চলচ্চিত্র উৎসবে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।
আগামী মে মাসে ভারতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে কলকাতার টেলিগ্রাফ টি-টুর ১৮ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্ল্যামারাস লুকে উপস্থিত হয়ে আলোচনায় ছিলেন জয়া আহসান।

