ঢাকাই চলচ্চিত্রে দুই দশকের ক্যারিয়ার গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন তিনি। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা মান্না।
এরপর একাধিক সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রশংসিত হওয়ার পর, এখন নায়িকা হিসেবে সিনেমায় কাজ করছেন দীঘি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
তবে ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ার নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে এ বিষয়ে একেবারেই উদ্বিগ্ন নন দীঘি।
তিনি বলেন, ‘সমালোচনায় কখনো কান দিই না। তবে সামনে এলে শোনা উচিত কিন্তু মাথায় নেয়া উচিত নয়। ক্যারিয়ারের শুরুর দিকে এসব সমালোচনা আমাকে বেশ প্রভাবিত করত।’
বর্তমানে সমালোচনাকে সময়ের প্রবণতা হিসেবেই দেখেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, ‘এখন সমালোচনা করাটাই ট্রেন্ড হয়ে গেছে। অনেকেই অন্যকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তবে তারা সমালোচনা করেন শুধুমাত্র অন্যকে দোষারোপ করতে- সংশোধনের জন্য নয়।’
কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় সমালোচক হিসেবে বাবাকে মনে করেন দীঘি। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি, কে আমার ভালো চায়, আর কে শুধু সমালোচনা করে। তবে ভুল সংশোধনের জন্য আমার বাবা যথেষ্ট।
তিনি বলেন, কখন কী করা উচিত। বাকিদের সমালোচনা আমি কানে তুলি না এবং গায়েও লাগাই না।’
এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে দীঘি অভিনীত নতুন সিনেমা ‘জংলি’, যেখানে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

