জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই নতুন জীবনের সূচনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ও তার সাবেক স্ত্রী মিথিলাকে নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে।
বিশেষত: তাদের বর্তমান সম্পর্ক কেমন এবং তাহসানের বিয়ে প্রসঙ্গে মিথিলার প্রতিক্রিয়া জানতে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে।
এ প্রসঙ্গে মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের মধ্যে কোনো বিরোধ বা মনোমালিন্য নেই। বরং এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এবং তারা নিয়মিত যোগাযোগ রাখেন। তাহসানের নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি।

মিথিলা বলেন, বিচ্ছেদ মানেই শত্রুতা নয়। আমাদের মধ্যে সেই ধরনের কোনো সম্পর্ক নেই। আমরা এখনো বন্ধু। আমাদের মেয়ে আয়রা আমাদের মধ্যে এক দৃঢ় বন্ধন তৈরি করেছে। সে তার বাবা-মাকে সমানভাবে ভালোবাসে, তাই আমরা নিয়মিত যোগাযোগ রাখি।
দুই বাংলায় সমানভাবে ব্যস্ত এই অভিনেত্রী আরো বলেন, বিবাহবিচ্ছেদ হতে পারে, তবে তার মানে এই নয় যে- একে অপরের প্রতি শত্রুতা পোষণ করতে হবে। যখন একজন বাবা-মা হন, তখন সন্তানের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা একে অপরকে সম্মান করি এবং সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে আলাদা হন তাহসান ও মিথিলা। পরবর্তীতে ২০১৯ সালে মিথিলা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তবে বিবাহবিচ্ছেদের পরও তাহসান ও মিথিলা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, যা অনেকের কাছেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাদের মেয়ে আয়রার ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা একসঙ্গে অভিভাবকত্ব পালন করছেন।
মিথিলার ভাষ্য অনুযায়ী, তারা নিজেদের সম্পর্কের যেকোনো ভুল বোঝাবুঝি পেছনে ফেলে মেয়ের ভবিষ্যতের জন্য যৌথভাবে কাজ করে যাচ্ছেন।

