পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়ে বেহালা পূর্ব আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে রাজনীতির ময়দানে দীর্ঘ সময় থাকেননি; দ্রুতই সরে আসেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজনীতি ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন পায়েল সরকার। তিনি বলেন, রাজনীতি একটি ভিন্নধর্মী পেশা, যা পুরোপুরি আলাদা মনোযোগ দাবি করে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।পায়েলের ভাষায়, রাজনীতিতে কাজ করতে হলে দলের পূর্ণ সমর্থন প্রয়োজন। সেই সমর্থন আমি তখন সেভাবে পাইনি। তাছাড়া, অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করাও আমার জন্য সম্ভব ছিল না।

টালিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির প্রবেশ প্রসঙ্গে পায়েল বলেন, এতে তাঁর কোনও আপত্তি নেই। তবে পরিবর্তন যেকোনো রকমই হোক না কেন, তা যেন কাজের ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি না করে।প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে কাজ করে আসছেন পায়েল। নিজের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ২০০৭ সালে ‘‘আই লভ ইউ’’ ছবিতে প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করি। তারপর থেকে কাজ করে চলেছি। শিল্পীদের ক্যারিয়ারে চড়াই-উতরাই থাকবেই, তবে আমি কখনও বিরতি নিইনি। বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘‘বাবু সোনা’’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
রাজনীতি থেকে সরে আসার পর এখন অভিনয়েই পুরোপুরি মনোযোগ দিচ্ছেন পায়েল সরকার।

