সাইফ আলী খানের ওপর হামলার এক মাস পার হতে না হতেই স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেতা ও তার পরিবার। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কাজে ফিরেছেন সাইফ, সম্প্রতি তিনি নতুন সিনেমা ‘জুয়েল থিফ’-এর প্রচারে যোগ দিয়েছেন।
অন্যদিকে, কারিনা কাপুর খান সংসারের পাশাপাশি পেশাগত দায়িত্বও সামলাচ্ছেন।
বুধবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন কারিনা। তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে তার পোস্টের ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘অন্ধকারের পরে আলো আসে। নেতিবাচকতা ভুলে সামনে এগিয়ে চলুন। প্রিয়জনদের সঙ্গে ভালোবাসার মুহূর্ত উদ্যাপন করছি। ভালোবাসা দিয়েই সবকিছু জয় করা সম্ভব।’

এদিন পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কাপুর পরিবার। করিনা কাপুর খান, কারিশমা কাপুর, আলিয়া ভাট এবং রণবীর কাপুরসহ পরিবারের ঘনিষ্ঠরাও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের কিছু মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাদের নাচতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করেছেন সাইফ ও কারিনা। এমনকি, দুই সন্তানের ছবি তোলার ব্যাপারেও কড়া নিষেধাজ্ঞা জারি করেন তারা।

