আলোচিত ‘টগর’ সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শুরুতে সিনেমাটির সঙ্গে যুক্ত থাকলেও, শেষ মুহূর্তে তার পরিবর্তে নায়িকা হিসেবে নেয়া হয়েছে পূজা চেরীকে।
সিনেমাটির পরিচালক আলোক হাসান দীঘির ‘অপেশাদার আচরণকেই’ এই পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। ২২ ফেব্রুয়ারি প্রকাশিত মোশন পোস্টারে নতুন নায়িকা পূজা চেরীর সঙ্গে দেখা গেছে আদর আজাদকে।
সিনেমা থেকে বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ দীঘি শিল্পী সমিতিতে অভিযোগ জানানোর পাশাপাশি মানহানির মামলা করার কথাও ভাবছেন বলে জানিয়েছেন।
তবে প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক দীঘির এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি। তারা অভিযোগ করে বলেছে, দীঘির দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, দীঘির সঙ্গে তাদের পূর্বের কথোপকথনের অডিও বার্তা প্রকাশ করারও হুমকি দিয়েছে।
এ আর মুভি নেটওয়ার্ক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘একটি প্রজেক্টে যুক্ত হওয়ার পরও দীঘি চূড়ান্ত চিত্রনাট্য পড়ার জন্য সময় পাননি। পরিচালকের ফোন ও মেসেজের উত্তর দিতে দেরি করতেন, কনটেন্ট প্রমোশনে অংশ নিতেন না। এরকম অবস্থায় একজন প্রযোজকের করণীয় কী হতে পারে? শুরুতেই যদি এত অনীহা থাকে, তাহলে রিলিজের সময় কী হবে?’
প্রযোজনা প্রতিষ্ঠান আরো দাবি করে, ‘দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে পরিচালক তাকে সরাসরি অবহিত করেছিলেন। ২২ জানুয়ারি তিনি পরিচালকের সঙ্গে ২০ মিনিট কথা বলেন এবং সিদ্ধান্ত মেনে নেন। এরপর সহশিল্পী আদর আজাদের সঙ্গেও ৩৪ মিনিট আলোচনা করেন। কিন্তু এক মাস পর, মোশন পোস্টার প্রকাশের পর, তিনি অভিযোগের কথা বলছেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান দীঘিকে পাল্টা হুমকি দিয়ে জানায়, ‘সিনেমার শুটিং শুরুর পরও কাস্টিং পরিবর্তনের অনেক নজির রয়েছে। যদি তিনি এই বিষয় নিয়ে আরও জল ঘোলা করেন, তাহলে তার সঙ্গে টিমের কথোপকথনের অডিও অনলাইনে প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, এটি প্রথম নয়, এর আগেও নির্মাতাদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন দীঘি। ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার ট্রেলার নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে তর্কে জড়ান তিনি। এছাড়াও, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা থেকেও বাদ পড়েছিলেন তিনি।

