ভারতের জনপ্রিয় অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা শ্রুতি হাসান ছোটবেলা থেকেই বাবা-মায়ের খ্যাতি থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচয় গোপন রাখতে অপরিচিতদের কাছে ভুয়া নাম ব্যবহার করতেন তিনি।সূত্র: বম্বে টাইমস
নারী ক্রিকেট টুর্নামেন্টের এক অনুষ্ঠানে পারফর্ম করতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শ্রুতি। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি খ্যাতি সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
খ্যাতির ক্ষণস্থায়ী প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে শ্রুতি হাসান বলেন, “খ্যাতি চিরস্থায়ী কিছু নয়, এটি একটি সুন্দর হাতব্যাগের মতো। যদি এটি পাথর দিয়ে বোঝাই করা হয়, তবে তা কাঁধে ব্যথা সৃষ্টি করবে। তাই খ্যাতিকে হালকাভাবে বহন করাই শ্রেয়। যারা খ্যাতির উপর ভিত্তি করে ভবিষ্যৎ গড়তে চান, তারা মূলত আকাশে দুর্গ নির্মাণ করছেন।”

মাত্র ছয় বছর বয়সে সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করা শ্রুতি ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে সিনেমায় অভিষেক করেন। ২০১১ সালে তেলেগু চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর ‘থ্রি’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
বর্তমানে শ্রুতি হাসান ‘সালার টু’ ও ‘কুলি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘সালার টু’ সিনেমায় তিনি অভিনেতা প্রভাসের সঙ্গে অভিনয় করবেন, যা পরিচালনা করবেন প্রশান্ত নীল।

