বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রিয় কফির স্বাদ জড়িয়ে আছে দিল্লির এক বিশেষ দোকানের সঙ্গে। দিল্লির জনপথ ভবনে অবস্থিত ৭২ বছরের পুরোনো ‘ডিপল কফি শপ’-এর ঠান্ডা কফি আজও ভুলতে পারেননি কিং খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, স্কুল-কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে এই দোকানে নিয়মিত আড্ডা দিতেন তিনি। কাচের বোতলে পরিবেশিত ঠান্ডা কফির স্বাদ আজও তার মনে উজ্জ্বল। কিন্তু মুম্বাইয়ে বসে সেই কফি পাওয়া তার পক্ষে সম্ভব নয়।
এ খবর শুনে ‘ডিপল কফি শপ’-এর মালিক অশ্বিনী কাঠপালিয়া জানালেন, শাহরুখ চাইলে দিল্লি থেকেই তার প্রিয় কফি পাঠিয়ে দেওয়া হবে মান্নাতে। “উনি হয়তো এখন আর আসতে পারবেন না, তবে যদি কখনো ছেলেবেলার সেই স্বাদের জন্য মন কাঁদে, তাহলে ফোন করলেই কফি পৌঁছে দেব,” আশ্বাস দিলেন অশ্বিনী।
শাহরুখের প্রতি ভক্তদের ভালোবাসার পাশাপাশি, তার শৈশবের স্মৃতির অংশ হয়ে থাকা এক কাপ কফিও যে বিশেষ জায়গা দখল করে রেখেছে- তা আরেকবার প্রমাণিত হলো।

