বছরে ৩১ মিলিয়ন ডলার নিট আয় করে অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান ২০২৪ সালের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে শীর্ষস্থান অর্জন করেছেন। ফোর্বসের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, তিনি উইল স্মিথ ও অ্যাডাম স্যান্ডলারকে পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে এসেছেন, যেখানে জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটের ঠিক পরেই অবস্থান করছেন।
চলতি বছরে কিডম্যান একাধিক জনপ্রিয় প্রকল্পে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে নেটফ্লিক্সের দ্য পারফেক্ট কাপল, প্যারামাউন্ট প্লাসের লায়নেস এবং অ্যামাজন প্রাইম ভিডিওর এক্সপ্যাটস। প্রতিটি শোতে তিনি প্রতি পর্বে ১ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। পাশাপাশি বেবিগার্ল ও এ ফ্যামিলি অ্যাফেয়ার নামে দুটি রোমান্টিক সিনেমায়ও অভিনয় করেছেন, যা বক্স অফিসে সফল হয়েছে।
এর পূর্বে ২০০৭ সালে ২৮ মিলিয়ন ডলার আয় করে তিনি একই তালিকার শীর্ষে ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর আবারো সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে জায়গা করে নিলেন কিডম্যান।
ফোর্বসের তালিকায় থাকা অন্য দুই নারী তারকা হলেন মারিস্কা হারগিটে (৬১) ও স্কারলেট জোহানসন (৪০), যারা ২০২৪ সালে ২৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। তবে তরুণ তারকাদের মধ্যে কেউই এই তালিকায় স্থান পাননি, কারণ তারা এখনও প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান তারকা হিসেবে বিবেচিত হন না।
হলিউড বিশেষজ্ঞদের মতে, জেন্ডায়া, সিডনি সুইনি ও ফ্লোরেন্স পিউয়ের মতো অভিনেত্রীরা ভবিষ্যতে এই তালিকায় জায়গা পেতে পারেন। তবে তাদের পারিশ্রমিক ও বক্স অফিস সাফল্য সেটি নির্ধারণ করবে।

