বলিউড সুপারস্টার আমির খান জানিয়েছেন, নিজের ক্যারিয়ারের শুরুতে অনেক প্রতিকূলতা থাকলেও তিনি কখনো আপস করেননি। এমনকি কঠিন সময়েও নিজের পছন্দ-অপছন্দের জায়গায় অটল থেকেছেন।
আগামী ১৪ মার্চ ৬০তম জন্মদিন উদ্যাপন করবেন বলিউড সুপারস্টার আমির খান। এবারের জন্মদিনটি বিশেষভাবে উদ্যাপন করার পরিকল্পনা এই তারকার। আর তাই ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র উৎসবে আমির অভিনীত জনপ্রিয় ছবিগুলো প্রদর্শন করা হবে।
রবিবার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের ট্রেলার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমির খান ও প্রখ্যাত গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার। সেখানে আমিরের অভিনীত আইকনিক চলচ্চিত্রগুলো প্রদর্শনের পরিকল্পনার কথাও জানানো হয়। ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব, যা সারা ভারতজুড়ে পালিত হবে।
ক্যারিয়ারের স্মৃতিচারণ করে আমির বলেন, আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে মহেশ ভাটের একটি ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ছবির চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তা প্রত্যাখ্যান করি। যদি তখন আপস করতাম, পুরো ক্যারিয়ারই সমঝোতার মধ্যে আটকে যেত।
শৈশবের স্মৃতি টেনে আমির বলেন, ছোটবেলায় বাবার কাছে কেউ গল্প বা স্ক্রিপ্ট শুনাতে এলে আমি পর্দার আড়াল থেকে তা শুনতাম। পরে বাবা আমাকে সামনে বসিয়ে আমার প্রতিক্রিয়া চাইতেন। আমি ছবির গল্পগুলো এমন মনোযোগ দিয়ে শুনতাম, যেন সেটি বাস্তবে তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আমিরের প্রশংসা করেন জাভেদ আখতারও। তিনি বলেন, আমির অভিনীত চরিত্রগুলো এতটাই জীবন্ত যে মনে রাখতে কষ্ট হয় কোনটা কোনটা। আমিরের প্রথম ছবির স্ক্রিপ্ট আমি লিখেছিলাম এবং আমি তখনই বলেছিলাম- এই ছেলে একদিন তারকা হবে।
জাভেদ আরো বলেন, সাধারণত অভিনেতারা হিট পরিচালকদের সঙ্গে কাজ করতে আগ্রহী থাকেন। কিন্তু আমির ব্যতিক্রম। আশুতোষ গোয়ারিকরের একটি ছবি ফ্লপ হওয়ার পরও আমির তাঁর সঙ্গে ‘লগান’ করেন। এমন ঝুঁকি কেবল আমিরই নিতে পারেন।
পিভিআর সিনেমাসের আয়োজনে শুরু হতে যাওয়া ‘আমির খান: সিনেমা কা জাদুকর’ চলচ্চিত্র উৎসবে ‘লগান’, ‘থ্রি ইডিয়েটস’, ‘দঙ্গল’, ‘রং দে বাসন্তী’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ এবং ‘আন্দাজ আপনা আপনা’সহ আমিরের জনপ্রিয় সব সিনেমা বড় পর্দায় প্রদর্শিত হবে। ১৪ মার্চ থেকে শুরু হওয়া উৎসব চলবে ২৭ মার্চ পর্যন্ত।


