রাজধানীর কুর্মিটোলায় চলন্ত একটি গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। ওই গাড়িতেই ছিলেন সংগীত ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে বনানীমুখী একটি উবার গাড়িতে চড়েছিলেন পারশা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছানোর পর গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায় বলে জানান তিনি।
ঘটনার বর্ণনায় পারশা মাহজাবীন বলেন, “উবারে করে বনানী যাচ্ছিলাম। হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত বের হয়ে এসেছি, কীভাবে বের হলাম এখনো বুঝতে পারছি না।”
দুর্ঘটনার পর দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান গায়িকা। তিনি লেখেন, “কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। গাড়ির দরজাও খুলতে পারছিলাম না প্রথমে। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে বেঁচে গেছি, জানি না।”
এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেন পারশা। সেখানে দেখা যায়, গাড়িটিতে আগুন জ্বলছে, চারদিকে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া। উপস্থিত কয়েকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন।
অভিনয় ও সংগীত- দুই মাধ্যমেই সক্রিয় পারশা মাহজাবীনের এই ভয়াবহ অভিজ্ঞতায় সহকর্মী ও অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক মাধ্যমে তার সুস্থতা কামনা করে মন্তব্য করেন।

