বলিউডের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থেকে পরিচিতি পাওয়া অভিনেতা আজাজ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর সেই অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে রয়েছে বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নামও।
আজাজ জানান, ২০২১ সালে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন, যেখানে আরিয়ান খানও ছিলেন। সেই সময় নাকি শাহরুখপুত্রকে নানা বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি।
আজাজ খান বলেন, “ওই সময় জেলের পরিবেশ অত্যন্ত ভয়ংকর ছিল। সেখানে ৩৫০০ বন্দি ছিল, যেখানে নিরাপত্তার কোনও নিশ্চয়তা ছিল না। আরিয়ানের অবস্থা খুবই শোচনীয় ছিল।”
তিনি আরও জানান, “আমি ওকে খাবারের পানি, সিগারেট দিতাম। জেলে বসে এটুকুই করা সম্ভব ছিল। এমনকি ওকে গ্যাংস্টারদের হাত থেকেও রক্ষা করেছি। কারণ ও সত্যিই বিপদে ছিল।”
প্রসঙ্গত, ২০২১ সালে একটি মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র হাতে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। ২৬ দিন কারাবাসের পর, ২৮ অক্টোবর জামিন পান তিনি। তবে পরে আদালতে প্রমাণিত হয়, আরিয়ানের বিরুদ্ধে কোনও মাদক রাখার বা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।
আজাজ খানের দাবির বিষয়ে আরিয়ান খান বা তার পরিবার এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি। বর্তমানে আরিয়ান খান ব্যস্ত তার প্রথম পরিচালিত সিরিজের কাজে, যা শিগগিরই মুক্তি পেতে চলেছে।
বলিউডে নানা বিতর্কের মধ্যেও আরিয়ান তার ক্যারিয়ারে মনোযোগী হয়েছেন, তবে আজাজ খানের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

