ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা বলিউড সিনেমা ‘সিকান্দার’-এর নতুন গানের টিজার প্রকাশিত হয়েছে। সালমান খান ও রাশ্মিকা মান্দানা জুটির রোমান্সে ভরা টিজারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।
‘হাম আপকে বিনা’ শিরোনামের গানটির টিজারে সালমান ও রাশ্মিকার মুগ্ধকর রসায়ন দারুণভাবে ফুটে উঠেছে। গানের সুর হৃদয়ছোঁয়া বলে মনে করছেন দর্শকরা। নির্মাতারা জানিয়েছেন, পুরো গানটি প্রকাশ পাবে শনিবার বিকেল ৪টায়।
গানের টিজার শেয়ার করে নির্মাতারা লিখেছেন, “অবিরাম ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন! ‘HumAapkeBina’ গানটি আজ বিকেল ৪টায় মুক্তি পাবে!”
‘হাম আপকে বিনা’ গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। গানের সুর পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী, আর কথা লিখেছেন সমীর। এর আগে মুক্তি পাওয়া ‘জোহরা জাবীন’, ‘বাম বাম ভোলে’ ও ‘সিকান্দর নাচে’ গানগুলোও দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এ.আর. মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৩০ মার্চ। সিনেমাটিতে সালমান ও রাশ্মিকার পাশাপাশি অভিনয় করেছেন সত্যরাজ, প্রতীক পাতিল বাব্বর, শারমন জোশী এবং কাজল আগরওয়াল।
ঈদে বড়পর্দায় ‘সিকান্দার’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। গানগুলোর জনপ্রিয়তা ইতিমধ্যেই সিনেমাটির প্রতি দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

