ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় আসা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ফের শিরোনামে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গুছাবো, ঠিকাছে? কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।’
পোস্টে আরো যোগ করেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপল গুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবোনা বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’

নিজের কাঙ্ক্ষিত সম্পর্কের রূপরেখা তুলে ধরে মাহি লেখেন, ‘সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেনো থাকে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।’
এই পোস্ট ঘিরে মাহির ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছেন, হয়তো নতুন সম্পর্কে জড়িয়েছেন, অথবা নতুন করে জীবন শুরু করার প্রস্তুতিতে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০২০ সালের মে মাসে বিচ্ছেদের কথা প্রকাশ করেন। এরপর ২০২১ সালে রাজনীতিক ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন তিনি। তবে সেই সম্পর্কও টিকেনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।
নতুন করে সংসার গোছানোর ইঙ্গিত তার জীবনে আরেকটি নতুন অধ্যায়ের সূচনার বার্তাই দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।

