বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ আর নেই। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর টিম এ-তথ্য নিশ্চিত করেছে।
গত মাসে হঠাৎ স্ট্রোক হওয়ায় কিম ফার্নান্দেজকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি।
মায়ের অসুস্থতার কারণে চলতি আইপিএল মৌসুমে গুয়াহাটিতে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেননি জ্যাকুলিন। তার ঘনিষ্ঠ একটি সূত্র সে সময় জানিয়েছিল, ‘জ্যাকুলিনের মা তখনও আইসিইউতে ছিলেন। তিনি প্রতিটি মুহূর্ত মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নেন এবং চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখেন।’
একটি পুরোনো সাক্ষাৎকারে জ্যাকুলিন তার মাকে ‘জীবনের অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমার মা সবসময় আমার পাশে থেকেছেন। আমি মা-কে খুব মিস করি। বাবা-মাকে ছেড়ে এখানে একা থাকা আমার জন্য কঠিন। ওরা আমার শক্তির উৎস এবং সবসময় আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন।”
উল্লেখ্য জ্যাকুলিন বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেন। তার মা কিম ছিলেন মালয়েশিয়ান ও কানাডিয়ান বংশোদ্ভূত এবং তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার নাগরিক।
মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড অঙ্গনের অনেক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

