হলিউডের সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি মিশন ইম্পসিবল ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছে। সিরিজের আট নম্বর সিনেমা ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রিকনিং’ এর নতুন ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
ট্রেলারটি দেখিয়ে দেয়, টম ক্রুজ তার পরিচিত চরিত্র আইএমএফ এজেন্ট ইথান হান্টের জন্য নতুন ও বিপজ্জনক অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন। ট্রেলারে দেখা যায়, তিনি একটি ফাইটার জেট থেকে লাফিয়ে পড়েন এবং পরবর্তীতে একটি উলটেপড়া বিমান থেকে ঝুলতে দেখা যায়। বিশেষত: এই দৃশ্যটির শুটিং নিয়ে টম ক্রুজ তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তিনি বলেন, যখন আপনি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ মাইলের বেশি গতিতে উড়ন্ত বিমানের দিকে মুখ করে থাকেন, তখন শ্বাস নেওয়ার বিষয়টি সত্যিই কঠিন হয়ে ওঠে। শুটিংয়ের সময় মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে পড়তাম এবং ককপিটে ফিরে আসতে পারতাম না।
টম ক্রুজের জন্য এটি হতে পারে তার শেষ মিশন: ইম্পসিবল সিনেমা, কারণ তিনি আগেই জানিয়েছিলেন যে, এই সিরিজের মাধ্যমে তিনি একটি নাটকীয় সমাপ্তি দেখাতে চান। দ্য ফাইনাল রিকনিং এ ভক্তরা আশা করতে পারেন আরো শ্বাসরুদ্ধকর অ্যাকশন দৃশ্য, যেমন: একটি ডুবোজাহাজের মধ্যে ভয়ংকর মারামারি এবং বিমান থেকে ঝুলতে দেখা যাবে টমকে।
এই চলচ্চিত্রটি আগামী ২৩ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

