পাকিস্তানের জনপ্রিয় গায়ক ও রোজেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ এখন ঢাকায়। ‘মেলোডি আনলিশড’ নামের একটি কনসার্টে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন এই তরুণ রকস্টার। প্রথমবার ঢাকায় পা রাখার অনুভূতি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকায় পৌঁছান মুস্তফা জাহিদ। তাকে আমন্ত্রণ জানিয়েছে ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’। এই সফরের মূল উদ্দেশ্যই হলো অংশ নেওয়া শুক্রবারের সেই প্রতীক্ষিত কনসার্টে।
শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর চায়না-বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে জমকালো কনসার্ট ‘মেলোডি আনলিশড’। কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন মুস্তফা জাহিদ, তবে বাংলাদেশের জনপ্রিয় কিছু সংগীতশিল্পীও তার সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন।
মুস্তফা জাহিদের জনপ্রিয়তা সীমান্ত পেরিয়ে গেছে অনেক আগেই। পাকিস্তান তো বটেই, বলিউডেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা। তার কণ্ঠে বহু হিট গান রয়েছে, যেগুলো আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। তার বিখ্যাত গানের তালিকায় রয়েছে— ‘ভুলা দেনা’, ‘জো তেরে সং’, ‘তেরে লিয়ে’, ‘মাওলা মেরে’, ‘জরুরত’, ‘রিস্তা পুরানা’, ‘তো ফের আও’ ইত্যাদি।
ঢাকার মাটিতে এমন এক তারকাকে সামনে থেকে দেখার ও শুনবার জন্য ভক্তরা ভীষণ রোমাঞ্চিত। কনসার্টটি হতে যাচ্ছে সঙ্গীতপ্রেমীদের জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা।

