গত বছরের শুরুতে মুম্বাইবাসীকে ‘তরী’ নামে এক রাজপ্রাসাদের মতো রেস্তোরাঁ উপহার দেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান, যা তার নিজস্ব ডিজাইনে সাজানো। রেস্তোরাঁটির আভ্যন্তরীণ সাজসজ্জা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা হলেও, এবার রেস্তোরাঁটির খাবারের গুণগত মান নিয়ে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
মুম্বাইয়ের জনপ্রিয় ফুড ব্লগার সার্থক সচদেব সম্প্রতি দাবি করেছেন, ‘তরী’ রেস্তোরাঁতে নকল পনির পরিবেশন করা হচ্ছে। সার্থক বরাবরই মুম্বাইয়ের বিভিন্ন সেলেব রেস্তোরাঁর খাবারের মান নিয়ে রিভিউ দেন। কিন্তু এবার গৌরী খানের রেস্তোরাঁয় পরিবেশিত পনির নিয়ে তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে তিনি পনিরের উপর আয়োডিন ফেলে পরীক্ষা করে দেখেন যে, পনিরটি সাদা থেকে কালো হয়ে গেছে—এটি সাধারণত স্টার্চের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয়। এ পরিস্থিতি দেখে সার্থক হতবাক হয়ে বলেন, “শাহরুখ খানের রেস্তোরাঁয় নকল পনির পরিবেশন হয়।”
এই ভিডিও প্রকাশের পর নেটপাড়ায় শোরগোল শুরু হয়ে যায়। তবে, ‘তরী’ রেস্তোরাঁর পক্ষ থেকে সার্থকের অভিযোগের বিরুদ্ধে সাফাই দেওয়া হয়েছে। তারা জানায়, আয়োডিন পরীক্ষায় পনিরের রং বদলানোর কারণ স্টার্চের উপস্থিতি নয়, বরং পনিরে সোয়া-ভিত্তিক উপাদান থাকার কারণে রঙ পরিবর্তন হয়েছে। তারা আরো দাবি করে যে, তাদের পরিবেশিত পনিরে কোনো ভেজাল নেই এবং এটি পুরোপুরি বিশুদ্ধ পনির।
এদিকে, নয়ডার পুষ্টিবিদ কিরণ সোনিও একই মত প্রকাশ করেছেন, তিনি বলেন, আয়োডিন টেস্ট পনিরের নকলতা প্রমাণ করতে পারে না।
এটি একদিকে গৌরী খানের ‘তরী’ রেস্তোরাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে ফুড ব্লগার সার্থকের ভিডিওটি এখনো ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচনা চলছে।

