ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘দাগি’ এখনও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলছে। মুক্তির তিন সপ্তাহ পার হলেও শিহাব শাহীন পরিচালিত এ ছবিকে ঘিরে কমেনি দর্শক উচ্ছ্বাস। এবার সেই উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করলেন অভিনেতা আফরান নিশোর শতাধিক ভক্ত।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ব্যতিক্রমধর্মী আয়োজনে হাজির হন একশ’রও বেশি নিশো ভক্ত। ‘দাগি’ সিনেমার পোস্টার ও “নিশানের ফাঁসি চাই” লেখা স্লোগানসহ ব্যানার হাতে তারা প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। সবার পরনে ছিল সিনেমায় ব্যবহৃত প্রতীকী ‘৭৮৬’ লেখা পোশাক, যা সিনেমার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা গেছে।
এমন আয়োজনে উচ্ছ্বসিত হয়ে উঠেছে ‘দাগি’ টিমও। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দেখা করেছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীদের অনেকে।
প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, “আফরান নিশো এখন দেশের অন্যতম জনপ্রিয় তারকা। ঈদে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা নিয়ে এমন প্রতিক্রিয়া আসবে এটা প্রত্যাশিত হলেও ভক্তদের এমন উদ্যোগ সত্যিই অভাবনীয়। আমরা খুব আনন্দিত এবং কৃতজ্ঞ।”
শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। আরও রয়েছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজক হিসেবে আছে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
ভক্তদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘দাগি’ ঈদের পরেও টিকে থাকা অন্যতম আলোচিত চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।

