বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কানের ৭৮তম আসরে বাংলাদেশি সিনেমা ‘আলী’ প্রতিযোগিতা করবে। এই সিনেমাটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে কানের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে, যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে দেশের প্রথম সিনেমা হিসেবে কানে প্রতিযোগিতায় অংশ নেবে এবং স্বর্ণপামের জন্য লড়বে।
এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। এর প্রযোজনায় রয়েছেন তানভীর হোসেন (বাংলাদেশ) এবং ক্রিস্টিন ডি লিওন (ফিলিপাইন)। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি হিসেবে কাজ করেছে ‘রানআউট ফিল্মস’।
প্রযোজক তানভীর হোসেন বলেন, এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমরা খুব একটা গুরুত্ব না দিলেও, এই ধরনের কাজ তরুণদের অনুপ্রাণিত করবে। কানের মূল প্রতিযোগিতায় আমাদের সিনেমা জায়গা করে নেওয়া একটি বড় অনুপ্রেরণা, যা বিশ্বের মানদণ্ডে আমাদের কাজের সক্ষমতা প্রমাণ করে।
নির্মাতা আদনান আল রাজীব জানান, আমরা ‘আলী’ সিনেমার মাধ্যমে ব্যক্তিজীবনের ভেতর দিয়ে একটি সত্য আবিষ্কারের চেষ্টা করেছি। শুটিং হয়েছে ২০২৪ সালের নভেম্বরে সিলেটে। সহজ, সরল ও সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করেছি।
নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক বলেন, শুরু থেকেই আমি জানতাম যে বাইরের দর্শকরা এই সিনেমা পছন্দ করবেন। পরিচালক এবং প্রযোজক হিসেবে আমি আত্মবিশ্বাসী ছিলাম, কারণ আমরা আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম।
কানের প্রতিযোগিতায় ‘আলী’ সিনেমার সঙ্গে একই প্রতিষ্ঠানের আরো একটি ছবি, ‘আগাপিতো’ (ফিলিপাইন) অংশ নিচ্ছে। দুটি চলচ্চিত্রই কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে, যা বাংলাদেশের জন্য এক বিরল অর্জন।

