ভারতের প্রখ্যাত অভিনেতা ও সাবেক সংসদ সদস্য পরেশ রাওয়াল হাঁটুর চোট সারাতে নিয়মিত নিজের মূত্র পান করেছিলেন বলে জানিয়েছেন। তার এই অভিজ্ঞতা ফের সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে।
দি ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে দেখা যায়, সিনেমার শুটিং চলাকালে গুরুতর চোট পান পরেশ রাওয়াল। ‘ঘাতক’ ছবির শুটিংয়ের সময় হাঁটুতে মারাত্মক আঘাতের পর চিকিৎসকেরা তার সুস্থ হতে আড়াই মাস সময় লাগবে বলে ধারণা দিয়েছিলেন। তবে অভিনেতা দাবি করেন, মাত্র এক মাসেই তিনি সুস্থ হয়ে ওঠেন, আর এর পেছনে ভূমিকা রেখেছিল নিজের মূত্র পান করার অভিনব চিকিৎসা।
পরেশ জানান, খালিপেটে প্রতিদিন সকালের প্রথম মূত্র পান করার পরামর্শ দিয়েছিলেন প্রয়াত অ্যাকশন ডিরেক্টর ও অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন। বীরু দেবগন পরেশকে বলেছিলেন, ‘‘সব ফাইটাররাই এ পদ্ধতি মেনে চলেন। এতে ব্যথা দ্রুত সারে। তবে এর জন্য মদ, তামাক ও মাংস ত্যাগ করতে হবে।’’
পরেশ রাওয়াল বলেন, আমি একেবারে নিয়ম মেনে প্রতিদিন সকালে বিয়ার খাওয়ার মতো করে নিজের মূত্র পান করতাম। ১৫ দিনের মধ্যেই এক্স-রেতে দেখা গেল, হাঁটুর ক্ষত অভাবনীয় গতিতে সেরে উঠেছে।
এ ঘটনা ভারতের রাজনীতিতে পুরনো এক বিতর্কের স্মৃতি ফিরিয়ে এনেছে। সত্তরের দশকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও নিজের মূত্রপান নিয়ে আলোচনায় এসেছিলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত নিজের মূত্র পান করেন।
পরেশ রাওয়ালের এই মন্তব্য ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

