বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা রাজনৈতিক জল্পনায় ইতি টেনে জানালেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে ঘিরে শুরু হওয়া নানা রাজনৈতিক আলোচনার প্রেক্ষিতে এ মন্তব্য করেন অভিনেত্রী।
দুই মাস আগে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, প্রীতি নাকি তার সামাজিক মাধ্যমের নিয়ন্ত্রণ বিজেপির হাতে তুলে দিয়েছেন, আর বিনিময়ে ১৮ কোটি টাকার ঋণ মওকুফ হয়েছে। প্রীতির পক্ষ থেকে তখনই এই অভিযোগের কড়া প্রতিবাদ জানানো হয়।
সম্প্রতি এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী তাকে সরাসরি প্রশ্ন করেন- আপনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন? উত্তরে প্রীতি জবাব দেন, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বড় সমস্যা হলো, তারা সবকিছু নিয়ে বিচার করে বসে। মন্দিরে যাওয়া বা মহাকুম্ভে অংশ নেওয়া মানেই বিজেপিতে যোগ দেওয়া নয়। আমি আমার পরিচয় নিয়ে গর্বিত, দেশ নিয়ে আবেগী, তাতে রাজনৈতিক মানে খুঁজে দেখবেন না।
তিনি আরও বলেন, বিদেশে থাকার কারণে দেশের প্রকৃত মূল্য আমি বুঝতে পেরেছি। আমি যেমন একজন ভারতীয়, তেমনি আমার গর্বও দেশের জন্য।
এর আগেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক পোস্টে প্রীতি লেখেন, রাজনীতি আমার দ্বারা হবে না। কয়েকটি রাজনৈতিক দল আমাকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। কারণ আমার ইচ্ছা নেই।
নিজেকে ‘সৈনিকের মেয়ে’ হিসেবে পরিচয় দিয়ে প্রীতি বলেন, আমার বাবা এবং দাদা দুজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন। আমরা প্রথমে ভারতীয়, তার পরে অন্য কোনো পরিচয়।
সামগ্রিকভাবে প্রীতি জিনতা স্পষ্ট করেছেন- রাজনীতি নয়, দেশপ্রেমে বিশ্বাসী তিনি।

