মহা আয়োজনের প্রস্তুতি শেষ। আসছে ৫ মে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসছে ২০২৫ সালের ‘মেট গালা’। আর এই জমকালো ফ্যাশন আসরে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এর মধ্য দিয়ে এই প্রথম কোনো ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিচ্ছেন মেট গালায়।
এই খবর সামনে আসতেই শাহরুখ ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মেট গালার লাল গালিচায় দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।
বরাবরই বড় মাপের ফ্যাশন ইভেন্ট থেকে খানিকটা দূরে ছিলেন শাহরুখ খান। তবে এবার ‘মেট গালা’র মতো অভিজাত আয়োজনে তার উপস্থিতি নিঃসন্দেহে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এপ্রিলের শুরুতেই ভারতীয় ফ্যাশনবিষয়ক ইনসাইডার ‘ডায়েট সব্য’ ইঙ্গিত দিয়েছিল, এক বলিউড তারকা ও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার একসঙ্গে ‘বড় কিছু’ করতে চলেছেন। পরে তা নিয়েই শুরু হয় জল্পনা- যার কেন্দ্রে ছিলেন শাহরুখ খান ও ডিজাইনার সব্যসাচী মুখার্জি। এবার সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিচ্ছে।
বিশ্ব ফ্যাশনের অন্যতম বড় আসর ‘মেট গালা’র এবারের থিম- “The Garden of Time”। তবে প্রদর্শনীর মূল ফোকাস হবে ‘Superfine: Tailoring Black Style’, যেখানে ক্ল্যাসিক টেইলারিং ও কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস উদযাপিত হবে।
যদিও আয়োজকদের পক্ষ থেকে শাহরুখের অংশগ্রহণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সব্যসাচী মুখার্জি ইতোমধ্যে শাহরুখের জন্য বিশেষ একটি পোশাক ডিজাইন করছেন, যাতে ভারতীয় ঐতিহ্য ও আধুনিক শৈলীর সংমিশ্রণ থাকবে।
এ বছরের কো-চেয়ার হিসেবে থাকছেন জনপ্রিয় গায়ক ফারেল উইলিয়ামস, ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটন, অভিনেতা কোলম্যান ডমিঙ্গো ও র্যাপার এস্যাপ রকি। তাদের পাশাপাশি আরও থাকছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসসহ বিশ্বের শীর্ষ তারকারা।
‘মেট গালা ২০২৫’-এ অংশ নেবেন প্রায় ৪০০ জন শিল্পী, তারকা ও ফ্যাশন-আইকন। শাহরুখ খানের উপস্থিতি এই আয়োজনকে ভারতীয় দর্শকদের কাছেও আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে, এমনটাই মনে করছেন অনেকে।

