বলিউড সুপারস্টার সালমান খান সম্পর্কে একাধিক অজানা তথ্য প্রকাশ করেছেন ভারতীয় র্যাপার মিকা সিং। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানিয়েছেন, সালমান দিনের বেলায় একরকম, আর রাতে হয়ে ওঠেন সম্পূর্ণ ভিন্ন মানুষ।
মিকা বলেন, দিনের বেলা বিশেষ করে দুপুর ২টা থেকে ৬টার মধ্যে সালমান খান থাকেন বেশ খিটখিটে মেজাজে। এই সময়টায় তার কাছাকাছি না যাওয়াই ভালো। যদি তার মুড ভালো থাকে, তিনি রাজা। আর খারাপ থাকলে তার মতো ভয়ংকর গুণ্ডা আর কেউ নেই- মন্তব্য করেন এই গায়ক।
তবে সন্ধ্যা ৬টার পর থেকেই বদলে যেতে থাকেন সালমান। রাতে তিনি হয়ে ওঠেন প্রাণবন্ত ও মজাদার। মিকা জানান, দুই পেগ খাওয়ার পর সালমান ভাই আর নিজের মধ্যে থাকেন না। সবাই তখন তার খুব প্রিয় হয়ে ওঠে। হাসি-ঠাট্টা, মজার কোনো কমতি থাকে না।
একটি ঘটনার স্মৃতি রোমন্থন করে মিকা বলেন, একবার তো সালমান খান এতটাই মাতাল হয়ে গিয়েছিলেন যে, নিজের ভাইকেও চিনতে পারেননি। যদিও তিনি স্পষ্ট করে বলেন, সালমান কখনোই পুরোপুরি বেহুঁশ হয়ে পড়েন না। তার আত্মসচেতনতা ও তারকা-সত্তা সবসময়ই সচল থাকে।
সালমান খানের এই ব্যক্তিত্বের ভিন্নতা প্রসঙ্গে মিকা বলেন, তিনি জানেন তিনি কে এবং কীভাবে দেশের একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই তিনি যতই মদ পান করুন না কেন, কখনোই সীমা ছাড়ান না।
সালমান ও শাহরুখের অতীতের দ্বন্দ্ব আর পরবর্তীতে তাদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের কথাও উঠে আসে এই সাক্ষাৎকারে। বলিউডের দুই দাপুটে অভিনেতার সম্পর্কের নানা রঙিন অধ্যায়ের সাক্ষী মিকা সিং, যিনি তাদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত।

