সৌদি আরবের জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর জেদ্দা পর্বে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের সংগীততারকা জেমস, পড়শী ও ইমরান মাহমুদুল। সৌদি সরকারের আমন্ত্রণে তারা এই কনসার্টে অংশ নিচ্ছেন।
এর আগে ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে হাজারো প্রবাসী দর্শকের সামনে সঙ্গীত পরিবেশন করেন নগর বাউল জেমস। এবার তিনি ৯ মে জেদ্দার কনসার্টেও গাইবেন বলে নিশ্চিত করেছে তাঁর ফেসবুক পেজ। সেদিন তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া।
জেদ্দা পর্বে আরও থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর পরিবেশনা, যিনি ৭ মে গাইবেন। ৮ মে মঞ্চ মাতাবেন ইমরান মাহমুদুল, যিনি এর আগে দাম্মামের আয়োজনে অংশ নিয়েছিলেন।
জেমসের দাম্মামের কনসার্ট ঘিরে ছিল প্রবাসীদের বিপুল উৎসাহ। বিকেল থেকেই কনসার্টস্থলে উপচে পড়া ভিড় দেখা যায়। সন্ধ্যার পর তাঁর মঞ্চে ওঠার মুহূর্তে হাততালি, স্লোগান আর মোবাইল ক্যামেরার ঝলকে মুখরিত হয় পুরো এলাকা। দর্শক মাতানো একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি- ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘ও বিজলী’, ‘ভিগি ভিগি’সহ বহু গান।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ আয়োজন শুরু হয়েছে। বিশ্বের নানা ভাষা ও সংস্কৃতিকে এক মঞ্চে আনার লক্ষ্যেই ২০১৯ সাল থেকে দেশটি চালু করে ‘রিয়াদ সিজন’। সেই ধারাবাহিকতায় এবার নতুন আঙ্গিকে এই অনুষ্ঠান আয়োজন করছে মিনিস্ট্রি অব মিডিয়া।

