ফ্যাশনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর মেট গালায় প্রথমবারের মতো অংশ নিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে অভিষেকেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা- রেড কার্পেটে উপস্থিত এক উপস্থাপিকা কিং খানকে চিনতেই পারলেন না! শাহরুখকেই পরিচয় দিতে হলো নিজেকে- “আমি শাহরুখ।”
ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই বিষয়টিকে বলিউড ও দক্ষিণ এশিয়ার প্রতি গ্লোবাল মিডিয়ার অসচেতনতা ও অবজ্ঞার প্রমাণ হিসেবে দেখছেন।
নিউইয়র্কে অনুষ্ঠিত ২০২৫ সালের মেট গালার থিম ছিল ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এই আয়োজনে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাকে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে রেড কার্পেটে হাঁটেন শাহরুখ খান। ৫৯ বছর বয়সেও তার রাজকীয় উপস্থিতি মুগ্ধ করে সবাইকে।
রেড কার্পেটে উপস্থাপক যখন শাহরুখকে চিনতে না পেরে পরিচয় জানতে চান, কিং খান শান্তভাবে হেসে বলেন, “আমি শাহরুখ।” এরপরও তাকে একাধিকবার প্রশ্ন করা হয়, “এই আয়োজনে আসতে কেমন লাগছে?”- প্রশ্নগুলো যেন সাধারণ কোনো নবাগত তারকার উদ্দেশে ছোড়া হয়।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন সব্যসাচী মুখার্জি। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বিখ্যাত পুরুষদের একজন তিনি। যখন হোটেল থেকে বের হন- শত শত ভক্ত ঘিরে ধরেন তাকে।” এরপরেই উপস্থাপক ও মিডিয়া প্রতিনিধিরা খানিকটা বিব্রত হয়ে পড়েন।
শাহরুখ খানকে না চেনার বিষয়টি ভালোভাবে নেননি ভক্তরা। টুইটার, ইনস্টাগ্রামসহ নানা প্ল্যাটফর্মে তারা প্রশ্ন তুলেছেন, “গ্লোবাল তারকাদের তালিকায় শীর্ষে থাকা একজন কিং খানকে কীভাবে চিনতে পারলেন না?” অনেকেই অভিযোগ তুলেছেন, আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে এখনও দক্ষিণ এশীয় তারকারা প্রান্তিক।
তবে সব কিছু ছাপিয়ে শাহরুখের অনন্য ব্যবহারে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। আত্মমর্যাদার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার তার ভঙ্গি আরো একবার প্রমাণ করেছে, কেন তিনি ‘কিং খান’।

