সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) অংশ নিয়ে নারীদের পোশাক ও পারফরম্যান্স নিয়ে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খেলা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
তাসনুভা তিশা বলেন, “নারী খেলোয়াড়দের নিয়ে অনেক সময় আজেবাজে রিপোর্টিং করা হয়। খেলার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তারা কী পরেছে, কীভাবে পরেছে- এসব বিষয়কে। এতে আমাদের মানসিক চাপ তৈরি হয়।” তিনি অভিযোগ করেন, অনেকে ভিডিও ধারণ করে অনুমতি ছাড়া আপলোড করেন, যেখানে নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।
তিশা মনে করেন, দেশের মিডিয়ায় এখনো পাপারাজ্জি সংস্কৃতি গড়ে না উঠলেও- হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত পর্যবেক্ষণ নারীদের জন্য নিয়মিত সমস্যা। “আমাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ স্বাভাবিক কিন্তু সেটা যেন অসম্মানজনক না হয়” বলেন তিনি।

পোশাক বিতর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, খেলায় হিজাব বা ওড়না পরে মাঠে নামা প্রায় অসম্ভব। শরীরচর্চা ও চলাফেরার জায়গায় কিছু সীমাবদ্ধতা থেকেই যায়। কিন্তু পোশাক যেমনই হোক, কমেন্ট তো আসবেই। শাড়ি পরলেও মন্তব্য আসে, আবার ঢোলা পোশাক পরলেও ছাড় দেওয়া হয় না।
তিশা স্পষ্ট করেন, ব্যক্তির পোশাকের পছন্দ তার ব্যক্তিত্বের অংশ, এর সঙ্গে তার নৈতিকতা বা শিক্ষার কোনো সম্পর্ক নেই। “একজন টাইট টিশার্ট পছন্দ করে না বলেই সে চরিত্রহীন নয়। বরং আমাদের উচিত হওয়া উচিত পরস্পরের পছন্দকে সম্মান করা,” বলেন তিনি।
তিনি আরও যোগ করেন, বোরকা পড়া মেয়েকেও কিন্তু রেহাই দেওয়া হয় না। তাহলে বুঝতেই পারছেন, সমস্যা পোশাকে নয়- সমস্যা মানসিকতায়।
নারী খেলোয়াড় ও শিল্পীদের সম্মান জানাতে এবং তাদের কাজের মূল্যায়নে পোশাক নয়, পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

