কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবার প্রদর্শিত হবে বাংলাদেশি নির্মাতা এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’। ১৩ থেকে ২৫ মে, ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে ‘বাঙালি বিলাস’ একটি বিশেষ স্থান পাবে। ১৮ মে ছবিটি প্রদর্শিত হবে এজেন্ট এবং পরিবেশকদের জন্য।
‘বাঙালি বিলাস’ ছবির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। এটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত। ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নারী, যৌনতা, রাজনীতি, বিশ্বাসঘাতকতা- এই বিষয়গুলোকে একত্রিত করে একটি জটিল কিন্তু গভীর অভিজ্ঞতা তৈরি করেছে।
এবাদুর রহমানের এই ছবিতে দুটি মুসলিম নারী চরিত্র-মিত্রা ও রুশতী-এক পুরুষতান্ত্রিক নির্মাতার কবল থেকে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করে। ছবির কাঠামোও এমন যে, এটি একটি “ফিল্ম-উইদিন-এ-ফিল্ম” অভিজ্ঞতা উপস্থাপন করে।
ভারতীয় অভিনেত্রী ঋ সেন, যিনি ‘গান্ডু’ সিনেমার মাধ্যমে আলোচনায় এসেছিলেন, এই ছবিতে অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ এবং আজাদ আবুল কালাম।
চিত্রগ্রহণ করেছেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনায় ছিলেন মিকা নিনিমা (ফিনল্যান্ড)।
এছাড়া সিনেমার দুটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। গানগুলোর সংগীতায়োজন এবং কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানী।
এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস’ শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া। ছবিটি প্রথাগত বাঙালি সিনেমার কাঠামো ভেঙে নতুন প্রশ্ন তুলে ধরেছে। এটি নারী, শরীর এবং বিশ্বাসের এক নতুন ধারণা উপস্থাপন করছে।
এবাদুর রহমান আরও জানান, ‘বাঙালি বিলাস’ ইতোমধ্যে আন্তর্জাতিক পরিবেশক এবং উৎসব আয়োজকদের নজর কেড়েছে।

