মুসলিম ধর্মাবলম্বী শাহনেওয়াজ শেখকে বিয়ে করে কটাক্ষের মুখে পড়েছিলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তাদের বিয়েকে “লাভ জিহাদ” বলেও কটাক্ষ করা হয়। এবার পাকিস্তান নাগরিকের বিষোদগারে স্বামীর ঢাল হয়ে দাঁড়ালেন মুম্বাই নিবাসী অভিনেত্রী।
পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাদের জয়গান গেয়ে অ্যাক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছিলেন দেবলীনা। আর সেই পোস্টগুলোকে ঘিরেই পাক নেটিজেনদের একাংশের সঙ্গে নেটপাড়ায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় অভিনেত্রীর।
জনৈক পাক নেটিজেন দেবলীনার বিরুদ্ধে ‘হিংসা ছড়ানো’র অভিযোগ তুলে কটাক্ষ করে লেখেন, “ভারতীয় প্রযোজকদের কাছে অনুরোধ- এঁকে কেউ কাজ দিন। ঘরে বসে বসে উন্মাদ হয়ে গেছে। সব সময় হিংসাত্মক বুলি আউড়ে যাচ্ছে। ওর অনুরাগী ছিলাম ভেবেই নিজের জন্য দুঃখ হয়। এত্ত নোংরা মুখ দেবলীনার। মুসলিমদের নিয়ে ওর যদি এতই অভিযোগ থাকে, তাহলে আগে নিজের স্বামীকে ছেড়ে দিক”!
এমন কটূক্তি নজর এড়ায়নি দেবলীনার। পাল্টা মোক্ষম জবাব দিতেও ছাড়লেন না বাঙালি অভিনেত্রী।
দেবলীনা ভট্টাচার্যের মন্তব্য, “কী হাস্যকর! নিজেদের চালচুলো নেই, এদের আবার আমার কাজ নিয়ে চিন্তা হচ্ছে। গিয়ে নিজের দেশ আর সন্ত্রাসবাদীদের ক্যাম্প সামলা যা। দুই দিনে তোদের আর্মির আন্তর্জাতিক সাহায্যের জন্য ভিক্ষার ঝুলি হাতে ঘোরার পরিস্থিতি হয়েছে। তাই আমার স্বামীর চিন্তা করে নিজের রক্ত ফোটাস না। যে সন্ত্রাসবাদীদের পুষে রেখেছিস, ওগুলোকে ভারত সরকারের হাতে সঁপে দে আগে”।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে নিজের জিম প্রশিক্ষক শাহনেওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। এবার স্বামীর অপমানে ‘বেয়াদব’ পাক নাগরিককে মোক্ষম পাঠ দিলেন হিন্দি টেলিপর্দার ‘ছোট বৌ’।

