ঈদুল আজহা উপলক্ষে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে একটি নাটকের সেটে শুটিং চলাকালে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরে এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের লেডিস ক্লাব সংলগ্ন একটি বাংলোয় ‘মন মঞ্জিলে’ নামের নাটকের দৃশ্যধারণ চলছিল। সেসময় হঠাৎই একটি ভারী লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গেই সহশিল্পী তৌসিফ মাহবুব ও ইউনিটের অন্যান্য সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
তটিনীর সহশিল্পী তৌসিফ মাহবুব বলেন, আমরা চট্টগ্রামে ঈদের নাটকের শুটিং করছিলাম। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করে লাইট স্ট্যান্ড পড়ে গিয়ে তটিনীর মাথায় লাগে। সৌভাগ্যবশত তিনি এখন শঙ্কামুক্ত, তবে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয় এবং কথা বলতেও নিষেধ করা হয়। ওই রাতেই হোটেলে ফেরেন তটিনী এবং পরদিন সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকায় ফিরে আসেন।
অভিনেত্রী নিজেও জানান, এখন কিছুটা ভালো আছি- তবে এখনো খুব দুর্বল লাগছে। শারীরিক অবস্থা শুটিং উপযোগী নয়, তাই ফিরে এসেছি। নাটকে আমার অংশের কাজ অসমাপ্ত রয়ে গেছে।
‘মন মঞ্জিলে’ নাটকটি পরিচালনা করছেন হাসিব হোসাইন রাখি। তিনি জানান, তটিনীর দৃশ্যধারণ কখন আবার শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, তানজিম সাইয়ারা তটিনী বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন। পরবর্তীতে ‘বহিরাগত’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘অবশেষে’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’সহ একাধিক নাটকে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন।

