ছোট পর্দায় দীর্ঘদিনের সফল পথচলার পর এবার বড় পর্দায় অভিষেক ঘটছে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর। ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাওয়া রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখছেন তিনি। এতে সাবিলা অভিনয় করছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে।
অ্যাকশন ঘরানার এই ছবির মূল গল্প আবর্তিত হয়েছে শাকিব খানকে ঘিরে। সেখানে সাবিলাকে দেখা যাবে একজন গ্রামীণ তরুণীর চরিত্রে। যদিও এখনো অভিনেত্রীর পক্ষ থেকে সিনেমা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, ইতোমধ্যে শুটিংয়ের কিছু ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে শাকিব-সাবিলাকে একসঙ্গে দেখা গেছে।

সিনেমা দিয়েই নতুন যাত্রা শুরু করলেও এ সিদ্ধান্ত সাবিলার জন্য কতটা ফলপ্রসূ হবে, তা এখনই বলা যাচ্ছে না। কারণ সাম্প্রতিক সময়ে শাকিব খান অভিনীত বেশ কিছু ছবি নকল কনটেন্ট ও মানহীন নির্মাণ নিয়ে বিতর্কে পড়েছে। তাই ‘তাণ্ডব’ যদি সেই ধারাবাহিকতায় পড়ে, তবে ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রেই সাবিলাকে চাপে পড়তে হতে পারে। এক কথায়- এই সিনেমাই হতে যাচ্ছে তার চলচ্চিত্র ক্যারিয়ারের অগ্নিপরীক্ষা।
তবে টিভি নাটক ও ওটিটিতে সাবিলা ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তায় তার অবস্থান বেশ শক্ত। এখন দেখার বিষয়, সেই জনপ্রিয়তা বড় পর্দায় কতটা কাজে লাগে।
এই মুহূর্তে দর্শকের অপেক্ষা সিনেমার টিজার বা ট্রেলার দেখার। সেখান থেকেই বোঝা যাবে ‘তাণ্ডব’ কেমন ছবি হতে চলেছে। সাবিলার স্বপ্ন সফল হবে, নাকি শুরুতেই হোঁচট- প্রতীক্ষা এখন সেই উত্তরের।

