ছোটপর্দার পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবারো সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রভা লিখেছেন, “হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়। বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়। আর বউয়ের রান্না ভালো হলে, সেই তরকারির পাতিলটাই উলটে ফেলে দেওয়া হয়।”- এই বক্তব্যে অনেকেই ধারণা করেছেন, র্যাব কর্মকর্তা পলাশ সাহার পারিবারিক ঘটনা নিয়েই পরোক্ষ মন্তব্য করেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, সম্প্রতি আত্মহত্যা করেছেন র্যাব কর্মকর্তা পলাশ সাহা। মৃত্যুর পর স্ত্রী সুস্মিতা সাহা অভিযোগ করেন, শাশুড়ির কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তার রান্না ভালো লাগায় শাশুড়ি নিজে রান্না বন্ধ করে দেন এবং ছেলে যেন বউ-সন্তান আলাদা রেখে শুধু মায়ের সঙ্গে থাকেন- এমনই চাওয়া ছিল শাশুড়ির।
প্রভার স্ট্যাটাসে অনেকেই সমর্থন জানালেও একাংশ সমালোচনার তীরে বিদ্ধ করেছেন তাকে। কেউ বলেছেন, ‘পুরো ঘটনা না জেনে মন্তব্য ঠিক নয়।’ আবার অনেকেই মন্তব্য করেছেন, ‘বউ মানেই তো শুধু রাতের মানুষ নয়, এ কথা আরও আগে বলা উচিত ছিল।’
বিশ্লেষকদের মতে, বিষয়টি কেবল একটি পরিবারের নয়, এটি একটি সামাজিক সংকটের প্রতিচ্ছবি। শাশুড়ি-বউয়ের টানাপোড়েন বহু সংসারেরই নিত্য বাস্তবতা। এক্ষেত্রে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন পরিবারের পুরুষ সদস্যদের, যাতে সম্পর্কগুলো হয় সহনশীল ও ভারসাম্যপূর্ণ।
প্রভার মতো তারকারা যখন এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, তখন সেটি শুধু বিনোদনের জগতেই নয়, সামাজিক আলোচনাতেও প্রভাব ফেলে। তবে এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করার আগে কিছুটা সংবেদনশীলতা দেখানো উচিত- এমন মতও দিয়েছেন অনেকেই।

