প্রখ্যাত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতো এবারও নজর কেড়েছেন। সাদা বেনারসি শাড়ি, ফুলস্লিভ ব্লাউজ এবং ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবির গয়নায় তাকে দেখা গেছে অনন্য রূপে। ভারতীয় ঐতিহ্যবাহী সাজে তার উপস্থিতি আন্তর্জাতিক লাল গালিচায় যেন হয়ে উঠেছিল এক নিখুঁত শৈল্পিক প্রতিফলন।
তবে ঐশ্বরিয়া রাই এর সৌন্দর্যের এই আলো ছড়ানোর মাঝেও একাংশ নেটিজেনের দৃষ্টিভঙ্গি গিয়ে ঠেকে তার ওজন ও চেহারার পরিবর্তনে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, চুলের স্টাইল বদলান, আবার কেউ মন্তব্য করেছেন, মুখ এত ফুলে গেছে, আর ভালো লাগছে না দেখতে।
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই কটাক্ষের জবাবে দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড রাই সুন্দরী। তিনি বলেন, আমি বুঝি না, আমার চেহারা নিয়ে কথা বলার এত আগ্রহ কেন! আমি চাইলে কয়েকদিনেই ওজন কমাতে পারি, কিন্তু ওজন নিয়ে আমি একদমই চিন্তিত নই।

বলিউড অভিনেত্রী আরো বলেন, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই ভালো আছি। কে কী ভাবছে, তাতে আমার কিছু যায় আসে না।
ঐশ্বরিয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি অনেকে একে নারীদের শরীর নিয়ে সমাজের অতিরিক্ত মন্তব্যপ্রবণ মনোভাবের বিরুদ্ধে একটি সাহসী বার্তা হিসেবেও দেখছেন।
এবারের কানে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ন্যুড মেকআপ, ব্রাউন লিপস্টিক, কপালে লাল সিঁদুর- সব মিলিয়ে এক শুদ্ধ ভারতীয় রূপে হাজির হন তিনি। তার এই লুককে ‘সেরা’ বলে আখ্যা দিয়েছেন অনেকে। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, এবার কানে ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ঐশ্বরিয়ার লুক-ই সেরা। অনেকেই তার সাহসী বক্তব্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করে লিখেছেন- নিজেকে ভালোবাসাই আসল আত্মশক্তি।
ঐশ্বরিয়া কেবল রূপেই নয়, মনোভঙ্গিতেও অনন্য। কান চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি যেমন ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, তেমনি তার কটাক্ষের জবাব দেয়ার ভঙ্গি নারীর আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে।

