মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা অভিষেক বচ্চন।
মঙ্গলবার সন্ধ্যায় এই অনুষ্ঠান চলাকালীন আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ে। ঠিক তখনই নিচে নামছিলেন অভিষেক। ছাদ থেকে পড়ে যাওয়া অংশ তাঁর খুব কাছ দিয়ে যায়। ভাগ্য ভালো, তিনি আহত হননি। সঙ্গে সঙ্গে নিজে সরে যান নিরাপদ স্থানে। আশপাশে থাকা টিমের সদস্যদেরও দ্রুত সরিয়ে নেন।
সম্প্রতি মুম্বাইয়ে টানা ভারী বৃষ্টি চলছে। শহরে লাল সতর্কতা জারি রয়েছে। রাস্তাঘাট জলমগ্ন। এর মধ্যেও থেমে থাকেনি সিনেমার প্রচার। কালো স্যুট পরে অভিষেক বচ্চন এসেছিলেন অনুষ্ঠানে। সিঁড়ি বেয়ে নামার সময়ই ঘটে এই ঘটনা।
ঘটনার পর মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। ভিডিওতে দেখা যায়, অভিষেক ছাদের ভাঙা অংশ দেখিয়ে সবাইকে সরতে বলছেন। পাশে থাকা সাংবাদিকদেরও সাবধান করেন। সৌভাগ্যক্রমে কেউ আহত হননি।
এত বড় একটি আয়োজনে ছাদ ভেঙে পড়ায় আয়োজকদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে। তবে দুর্ঘটনা সত্ত্বেও থেমে থাকেনি ট্রেলার লঞ্চের আয়োজন। ‘হাউসফুল ৫’ সিনেমার প্রচার যথারীতি চলেছে।
মঙ্গলবারই প্রকাশ পেয়েছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’-এর ট্রেলার। শুরুতেই শোনা যায় নানা পাটেকরের ভয়েসওভার।
গল্পের মূল চরিত্র রঞ্জিত ডোবরিয়াল। তিনি একশো বছর পূর্তিতে একটি বিলাসবহুল প্রমোদতরীতে সবাইকে আমন্ত্রণ জানান। উদ্দেশ্য—উত্তরাধিকার ঘোষণা। তাঁর বিপুল সম্পদ তুলে দিতে চান একজনের হাতে।
কিন্তু গোল বাধে ‘জলি’ নাম নিয়ে। পার্টিতে হাজির তিনজনের নামই জলি। কে হবে উত্তরাধিকার? কে পাবে সম্পত্তি? শুরু হয় ধোঁকা, চালচাতুরী আর হাস্যরস।
রোমান্স আর কমেডিতে ভরপুর এই সিনেমার ট্রেলার ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ে আছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রীতেশ দেশমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৬ জুন।
একটি দুর্ঘটনা সত্ত্বেও ‘হাউসফুল ৫’-এর ট্রেলার লঞ্চ নিয়ে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। তবে এই ঘটনার পর ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও মনোযোগ দেওয়ার দাবি উঠছে।

