এই ঈদে দর্শকদের জন্য আসছে এক ভিন্ন স্বাদের নাটক। নাম ‘মন মানে না’। বিয়েবাড়ির সাজসজ্জা করতে গিয়ে দুই ইন্টেরিয়র ডিজাইনারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। ধীরে ধীরে সেই দ্বন্দ্ব রূপ নেয় প্রেমে।
নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। নির্দেশনায় রয়েছেন তরুণ নির্মাতা তৌফিকুল ইসলাম। সিএমভি-এর ব্যানারে নির্মিত এই বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

নাটকের শুরুতে দেখা যাবে, তিতির নামে একজন ইন্টেরিয়র ডিজাইনার একটি বিয়েবাড়ির সাজসজ্জার দায়িত্ব নিয়ে হাজির হন। কিন্তু গিয়ে দেখেন, ওই একই কাজের জন্য আরেকজন ছেলেকেও নিয়োগ দিয়েছে পরিবারটি। ছেলেটির নাম সাদমান। তিতির কিছুতেই বুঝে উঠতে পারেন না, কেন একই আয়োজনে দুজন ইভেন্ট ম্যানেজার?
তার চেয়ে বড় সমস্যা, সাদমানের আচরণ। সে তিতিরকে ঠিকমতো কাজ করতেই দিচ্ছে না। সবকিছুতেই বাধা দিচ্ছে। তিতির বিরক্ত হয়ে খোঁজ নিতে থাকেন। তখন জানা যায়, এই বিয়ের আয়োজন করছেন হবু দম্পতি মামুন ও দীপা।

তারা খরচ কমাতে দুটি আলাদা ইন্টেরিয়র ফার্মকে দায়িত্ব দিয়েছেন। ভেবেছেন, খরচ ভাগাভাগি করে নেবেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই এগোয় না। তিতির আর সাদমানের ঝগড়া ক্রমেই বাড়তে থাকে। সবশেষে এমন অবস্থা তৈরি হয় যে, পুরো অনুষ্ঠানটাই ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়।
এই দ্বন্দ্ব দিয়েই নাটকের সূচনা। এরপর গল্প ধীরে ধীরে এগোতে থাকে। প্রথমে যারা ছিল পরস্পরের প্রতিদ্বন্দ্বী, পরে তাদের মধ্যেই তৈরি হয় বোঝাপড়া। ধীরে ধীরে সম্পর্ক নেয় এক নতুন মোড়।

নাটকটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে আছেন এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি জানান, ঈদ উপলক্ষে আরও এক ডজন নাটকের আয়োজন করেছে সিএমভি। সবগুলো নাটকই চাঁদরাত থেকে ধাপে ধাপে মুক্তি পাবে ইউটিউব চ্যানেলে।
‘মন মানে না’ একটি রোমান্টিক-কমেডি ঘরানার নাটক। নতুন ও তরুণ প্রজন্মের দর্শকদের জন্য এই নাটক হবে এক ভিন্নধর্মী উপভোগ্য অভিজ্ঞতা। বিয়েবাড়ির ব্যস্ততা, ভুল বোঝাবুঝি আর তার মাঝেই গড়ে ওঠা সম্পর্ক—সব মিলিয়ে ‘মন মানে না’ হয়ে উঠেছে ঈদের বিশেষ চমক।

