ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ এবার বড় পর্দায় আইটেম গানে নাচলেন। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের সিনেমা ইনসাফ। এই সিনেমার আইটেম গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’-তে দেখা যাবে ভিন্ন লুকে ধরা দেওয়া ফারিণকে।
সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির ভিডিও। যেখানে ফারিণের সঙ্গে দেখা যায় অভিনেতা শরিফুল রাজকে। তাঁদের রসায়ন ও পারফরম্যান্স ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোড়ন তুলেছে।
পুরোনো জনপ্রিয় গান ‘আকাশেতে লক্ষ তারা’র এই রিমেক সংস্করণে নতুন আবহ এনেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। কণ্ঠ দিয়েছেন গায়িকা মিলা। গানটির কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ এবং র্যাপ অংশে আছেন ব্ল্যাক জ্যাং। গানটি তৈরি হয়েছে পুরোনো ধাঁচের সুরের সঙ্গে আধুনিক মেলবন্ধন ঘটিয়ে।
এর আগে একইভাবে আইটেম গানে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। সেই ধারাবাহিকতায় এবার ফারিণকেও নতুনভাবে আবিষ্কার করছেন দর্শকরা।
গানের ভিডিওতে ফারিণ ও রাজ ছাড়াও রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার দৃঢ় উপস্থিতি গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ইনসাফ ইতোমধ্যেই টিজার ও পোস্টার দিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। গানটির প্রকাশের পর সিনেমাটির প্রতি উৎসাহ আরও বেড়েছে। ঈদের বড় পর্দায় এটি হতে পারে অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ছবি।

